দেশে বছরে প্রায় ১৫ লাখ টন তেল পরিশোধন করা যায়। অথচ বছরে প্রায় ৭০ লাখ টন তেল আমদানি করতে হয়।
বিশ্ববাজারে তেলের দাম টানা ছয় দিন ধরে কমছে। ফলে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম দীর্ঘ সময় ধরে কমার রেকর্ড গড়তে যাচ্ছে। গত জুন মাসের পর যুক্তরাষ্ট্র ও ইরান এই প্রথম আলোচনায় বসেছে। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ওয়াশিংটন সফরের প্রস্তুতি চলছে। আজ বুধবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রড তেলের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৩ ডলারে নেমে আসে। ফলে টানা ষষ্ঠ দিনের মতো দাম কমবে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে; গত বছরের আগস্টের পর যা এবারই প্রথম। এদিকে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রড তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমেছে। গত পাঁচ দিনে এই তেলের দাম ১০ শতাংশের বেশি কমেছে। গতকাল মঙ্গলবার তেলের দাম কমার পেছনে সৌদি আরবের এক ঘোষণারও ভূমিকা আছে। দেশটি জানিয়েছে, ইস্ট-ওয়েস্ট পাইপলাইন আবার চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে লোহিত সাগর উপকূল থেকে অপরিশোধিত তেল রপ্তানি শুরু করার প্রস্তুতি চলছে। তেলের দাম কমে আসায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারও নতুন উচ্চতায় উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আশাবাদের জোয়ারে গতকাল নাসডাক ১০০ সূচক নতুন রেকর্ড গড়েছে। বুধবার বিশ্ব বন্ডবাজারও মোটামুটি স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার শূন্য দশমিক ০১ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৯৬ শতাংশ হয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছিল। ফলে বিভিন্ন দেশের বন্ডের সুদের হারও বেড়েছে।
টাকায় কত দাম পড়ছে?
এক ব্যারেল সমান ১৫৯ লিটার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৩ ডলার হলে প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম পড়ে প্রায় ৬২ সেন্ট। ডলারের দাম ১২৩ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় প্রতি লিটারের দাম হয় প্রায় ৭৬ টাকা। তবে এটি কেবল অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজারমূল্য। এর সঙ্গে পরিবহন, বিমা, বন্দর, পরিশোধন, সংরক্ষণ ও বিতরণ ব্যয় আর সরকারের শুল্ক-কর যুক্ত হয়। সব খরচ বিবেচনায় নিয়েই দেশে তেলের চূড়ান্ত বাজারমূল্য নির্ধারণ করা হয়। আরও একটি বিষয় হলো, বাংলাদেশের তেল পরিশোধনের সক্ষমতা সীমিত। দেশে বছরে প্রায় ১৫ লাখ টন তেল পরিশোধন করা যায়। অথচ বছরে প্রায় ৭০ লাখ টন তেল আমদানি করতে হয়। ফলে বিপুল পরিমাণ পরিশোধিত তেল আমদানি করতে হয়। দেশের বাজারে তেলের দাম নির্ধারণে এই বিষয়টিও বিবেচনা করতে হয়।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply