ভেজা মাথায় চুলকানি বাড়ার কারণ
ভেজা অবস্থায় মাথার ত্বকের তেলের ভারসাম্য নষ্ট হয়। কখনো বেশি তেল উঠে গিয়ে ত্বক শুষ্ক হয়ে যায়। আবার কখনো ত্বক নিজেকে বাঁচাতে বেশি তেল তৈরি করে। দুই ক্ষেত্রেই মাথা চুলকায়। যাদের ত্বক সংবেদনশীল, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি হয়। হালকা ঘাম বা সামান্য প্রসাধনীও তখন বিরক্তিকর লাগতে পারে।
ভেজা চুলে চুল পড়ার ঝুঁকি বাড়ে
ভেজা চুল খুবই দুর্বল থাকে। এই সময় চুল টানলে বা শক্ত করে আঁচড়ালে সহজেই ভেঙে যায়। অনেকে তাড়াহুড়ায় আধভেজা চুলে বেণী বা খোঁপা করে নেন। নিয়মিত এমন হলে চুলের গোড়ায় চাপ পড়ে। ধীরে ধীরে চুল পড়া বাড়ে। বিশেষ করে কপাল আর মাথার মাঝখানের অংশে পাতলা ভাব দেখা দিতে পারে।
ভেজা চুল বেঁধে রাখলে গোড়ায় সমস্যা
ভেজা চুল বাঁধা থাকলে মাথার ত্বকে আর্দ্রতা আটকে থাকে। তার সঙ্গে তেল, ঘাম আর প্রসাধনীর অবশিষ্টাংশ মিলে চুলের গোড়া বন্ধ হয়ে যায়। ফলে ছোট ছোট ফোঁড়া, ব্যথা বা মাথায় ব্রণ দেখা দিতে পারে। দীর্ঘদিন চললে চুল গজানোও বাঁধাগ্রস্ত হয়।
খুশকি শুধু শুষ্ক মাথার জন্য নয়
অনেকের ধারণা, খুশকি মানেই মাথা শুষ্ক। আসলে বিষয়টা সব সময় এমন নয়। অনেক ক্ষেত্রে খুশকি হয় অতিরিক্ত তেল আর ভেজা পরিবেশে ছত্রাক বেড়ে যাওয়ার কারণে। ঘন ঘন চুল ধুয়ে যদি ঠিকমতো না শুকানো হয়, তাহলে খুশকি আরও বেড়ে যেতে পারে। তাই অনেকেই বলেন, “চুল ধুলেও খুশকি কমছে না।”
ভেজা চুল নিয়ে ঘুমানো সবচেয়ে খারাপ অভ্যাস
ভেজা মাথায় ঘুমালে পুরো রাত মাথার ত্বক ভেজা থাকে। বালিশে জমে থাকা জীবাণু সহজেই মাথায় চলে আসে। ঘুমের মধ্যে ঘষা লেগে চুল ভাঙে। এই অভ্যাসে খুশকি, দুর্গন্ধ, চুলকানি আর চুল পড়া- সবই বাড়তে থাকে।
ভেজা চুল আর হেলমেট একসঙ্গে নয়
দু’চাকার গাড়ি চালান এমন অনেকেরই এই সমস্যা। ভেজা চুলে হেলমেট পরলে ভেতরে গরম আর ঘাম আটকে যায়। এতে ছত্রাক সংক্রমণ, অতিরিক্ত তেল আর ‘হেলমেট খুশকি’ দেখা দেয়। বাইরে বেরোতেই হলে অন্তত মাথার ত্বকটা শুকিয়ে নেওয়া উচিৎ।
তাহলে কি চুল ধোয়া বন্ধ করবেন?
একদমই না। পরিষ্কার মাথার ত্বক খুবই জরুরি। সমস্যা চুল ভেজানো নয়, সমস্যা হলো ধোয়ার পর মাথা ভেজা রেখে দেওয়া।
ছোট অভ্যাসেই বড় পরিবর্তন
কিছু ছোট অভ্যাস মেনে চললে ভেজা চুলের ক্ষতি বেশ অনেকটাই এড়ানো যায় -- চুল ধোয়ার পর আগে মাথার ত্বক শুকান
- হেয়ার ড্রায়ার হলে হালকা গরমে ব্যবহার করুন
- ভেজা চুল শক্ত করে বাঁধবেন না
- বালিশের কভার নিয়মিত বদলান
- বর্ষায় বা শীতে বেশি তেল ব্যবহার এড়িয়ে চলুন
- মাথা চুলকালে অবহেলা করবেন না
ভেজা চুল সমস্যা নয়। সমস্যা হলো- ভেজা মাথার ত্বক দীর্ঘ সময় ভেজা থাকা। আমাদের আবহাওয়ায় মাথার ত্বকের একটু বাড়তি যত্ন দরকার। চুল ধোয়ার পর ঠিকমতো শুকানো এই ছোট অভ্যাসই খুশকি, চুলকানি আর চুল পড়া অনেকটাই কমাতে পারে।
0 Comments
No Comment YetLeave A Reply