| |
ভিডিও
ads for promotions
/
যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের ‘অর্থনৈতিক অবরোধ’, স্কুল-কাজ-কেনাকাটা বর্জনের ডাক

যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের ‘অর্থনৈতিক অবরোধ’, স্কুল-কাজ-কেনাকাটা বর্জনের ডাক

নিউজ ডেস্ক: নাগরিক আলো প্রতিবেদক

প্রকাশিত: 02 May, 2026

  • 8
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন সানরাইজ মুভমেন্টের সদস্যরা। ১ মে ২০২৬ছবি: এএফপি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত ‘মে ডে স্ট্রং’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে ‘অর্থনৈতিক অবরোধ’ (ইকোনমিক ব্ল্যাকআউট) কর্মসূচি পালিত হয়েছে। দেশটির ৩ হাজার ৫০০টি স্থানে হাজারো মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। 

আয়োজকেরা এদিন ‘স্কুল, কাজ ও কেনাকাটা’ বর্জনের ডাক দেন। এর অংশ হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ওয়াকআউট, পদযাত্রা, ব্লক পার্টি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে এই বিক্ষোভ সবচেয়ে উত্তাল রূপ নেয়। স্থানীয় সময় শুক্রবার বিকেলে সেখানে তরুণদের নেতৃত্বাধীন ‘সানরাইজ মুভমেন্ট-এর বিক্ষোভকারীরা নিজেদের শিকল দিয়ে স্টক এক্সচেঞ্জের প্রধান ফটকের সঙ্গে বেঁধে ফেলেন। একই সঙ্গে ভবনের অন্যান্য বহির্গমন পথগুলো আটকে দিয়ে সেখানে অবস্থান নেন একদল বিক্ষোভকারী। পরে তাঁদের সঙ্গে প্রায় আরও ১০০ জন যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে সেখান থেকে সরিয়ে দেয়। এরপরও বিক্ষোভকারীদের একটি ছোট দল সেখানে অবস্থান করছিল। তাঁরা বাদ্যযন্ত্র বাজিয়ে ‘ধনী ব্যক্তিদের ওপর কর আরোপ করো’ স্লোগান দিতে থাকেন।

শুধু নিউইয়র্কেই নয়, ওয়াশিংটন ডিসি, শিকাগো, লস অ্যাঞ্জেলেসসহ বড় শহরগুলোতেও এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে। ‘মে ডে স্ট্রং’ জোটের এই আন্দোলনে শ্রমিক ইউনিয়নের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠন।

সানরাইজ মুভমেন্টের বিক্ষোভকারীরা দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ করেছেন। পুলিশ তাঁদের অনেককে গ্রেপ্তার করেন। ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে বিক্ষোভকারীরা হিলটন হোটেলের একটি লবি দখল করে নেন। সেখানে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) কর্মকর্তারাও অবস্থান করছিলেন বলে জানা গেছে। অন্যদিকে, মিনেসোটার মিনিয়াপোলিসে একটি সেতু অবরোধ করার অভিযোগে ছয়জন সানরাইজ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রমিক আন্দোলনের বার্ষিক প্রতিবাদ কর্মসূচির দীর্ঘ ঐতিহ্য মেনে এ বছরও মে দিবস পালিত হয়েছে। তবে এবারের বিশেষত্ব হলো— আইসিই বিলুপ্তি, যুদ্ধ বন্ধ এবং ধনীদের ওপর কর আরোপের মতো দাবি আদায়ে বিভিন্ন সক্রিয় আন্দোলনগুলো এককাতারে এসে দাঁড়িয়েছে।

‘মে ডে স্ট্রং’ জোটের অধীনে এই আন্দোলনে শামিল হয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন, ডেমোক্রেটিক সোস্যালিস্টস অব আমেরিকার মতো রাজনৈতিক দল এবং ‘নো কিংস’ আন্দোলনের আয়োজকেরা।

শুক্রবার ভোরে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির প্রধান শাখা থেকে আমাজনের নিকটস্থ করপোরেট অফিস অভিমুখে একটি পদযাত্রা হয়েছে। অ্যামাজনের কর্মীদের সঙ্গে এই কর্মসূচিতে যোগ দেন টিমস্টার্স শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় রাজনীতিকরা। আইসিই এবং ডিএইচএসের সঙ্গে অ্যামাজনের সব চুক্তি বাতিলের দাবিতে এই পদযাত্রা বের করা করা হয়।

অন্যদিকে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ফ্রি ডিসি’ নামের একটি সংগঠনের বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। তাঁদের হাতে থাকা ব্যানারগুলোতে ‘ধনকুবেরদের চেয়ে শ্রমিক বড়’ এবং ‘যুদ্ধ নয়, স্বাস্থ্যসেবা চাই’ স্লোগানগুলো শোভা পাচ্ছিল।


Share On:

0 Comments

No Comment Yet

Leave A Reply

Nagorik Alo is committed to publish an authentic, Informative, Investigate and fearless journalism with country’s people. A highly qualified and well knowledged young team of journalists always fetch real news of the incidents or contemporary events. Providing correct news to the country's people is one kinds of community service, Keeping this in mind, it always publish real news of events. Likewise, Nagorik Alo also promised to serve the Bangladeshi people who reside in out of the country.

সম্পাদক : খোকন চন্দ্র দাস- 01732417517 সহ সম্পাদক : আরিফুর রহমান- 01716003126 প্রকাশক :
ইলিয়াস হোসেন - 01753634332
রাসেল মাহমুদ - 01724487787
info@nagorikalo.com যোগাযোগ : 30/A, সাত্তার সেন্টার ( হোটেল ভিক্টরি) লেভেল 9, নয়া পল্টন, ঢাকা--১০০০ +8801753634332

© ২০২৩ nagorikalo.com